জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা শেষ হয়েছে।
এবার দীর্ঘ ১৮ মাস পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজটিও বন্ধ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিদায়ী পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।
ফেসবুক পোস্টে জানানো হয়, ‘Chief Adviser GOB (Head of the Government)’ নামের এই অফিসিয়াল পেজটি এখন থেকে আর সক্রিয় থাকবে না। ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর জনযোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে এই পেজটি খোলা হয়েছিল। বর্তমানে পেজটিতে ফলোয়ার সংখ্যা ৪৪ লাখেরও বেশি।
বিদায়ী পোস্টে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, গত ১৮ মাস সময়কালজুড়ে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা ও সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।
/এমএইচআর