ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ অভিনেত্রী শবনম বুবলী আবারও আলোচনায়। তবে এবার কোনো সিনেমা, সম্পর্ক বা বিতর্ক নয়- ধর্মীয় অনুশীলন ও সামাজিক নৈতিকতা নিয়ে খোলামেলা বক্তব্যের কারণে আলোচনার কেন্দ্রে এই চিত্রনায়িকা।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে বুবলী স্পষ্ট ভাষায় বলেন, একজন মুসলিম হিসেবে তিনি নামাজ পড়েন, রোজা রাখেন এবং রোজা রেখেই পেশাগত কাজ চালিয়ে যান। তার ভাষায়, ‘আমি তো কখনো বলিনি যে আমি ১০০ শতাংশ হাফেজ। কিন্তু আমি নামাজ পড়ি, রোজা রাখি। সেটা আমার আর আমার আল্লাহর সঙ্গে সম্পর্কের বিষয়।’
ধর্ম নিয়ে কথা বলায় কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন- এমন আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তবে সেই প্রশ্নের জবাবও দেন সরাসরি। ‘আমি চলচ্চিত্রের নায়িকা বলে ধর্ম নিয়ে কথা বলতে পারব না- এটা কেন হবে’ -প্রশ্ন রাখেন বুবলী।
আরও পড়ুন
সোশ্যাল মিডিয়ায় নৈতিকতার ভাষ্যদানকারীদের দিকেও আঙুল তুলেছেন তিনি। তার মতে, যারা অনলাইনে সমালোচনা করেন, তারাই আবার গীবত বা পরনিন্দায় লিপ্ত হন। ‘আপনারা যদি নিজেদের খুব ইসলামিক মাইন্ডেড ভাবেন, তাহলে গীবত করছেন কেন? সিনেমা দেখছেন কেন? সোশ্যাল মিডিয়ায় কটূ মন্তব্য করছেন কেন?’-এমন পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনি।
ইসলামে গীবতকে গুরুতর পাপ হিসেবে উল্লেখ করে বুবলী বলেন, অনেক সময় সমাজে অভিনয় পেশাকে প্রশ্নবিদ্ধ করা হয়, অথচ সুদ, ঘুষ বা অন্য অনৈতিক কাজের চেয়ে গীবতকে ইসলাম আরও কঠোরভাবে নিন্দা করেছে। তিনি মনে করেন, মানুষকে বিচার করার আগে আত্মসমালোচনা জরুরি।
এএডি/