দেশে আর পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি চলবে না জানিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতি হবে অংশগ্রহণমূলক, উন্মুক্ত ও সবার জন্য সমান সুযোগভিত্তিক।
আজ (বুধবার) মন্ত্রণালয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন নতুন দায়িত্ব পাওয়া অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, কয়েকজনের জন্য বিশেষ সুবিধা দিয়ে অর্থনীতি পরিচালনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এমন একটি কাঠামো গড়ে তুলতে চাই, যেখানে উদ্যোক্তা, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী সবাই সমানভাবে সুযোগ পাবে।
তিনি বলেন, অলিগার্কিক বা গোষ্ঠীভিত্তিক সুবিধা দেওয়ার সংস্কৃতি থেকে আমরা সরে আসব। প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে রিএকটিভ বা কার্যকর ও গতিশীল করে তোলা হবে, যাতে বাজারের পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া যায়।
এ সময় তিনি ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কার নিয়েও শিগগিরই একটি রোডম্যাপ প্রকাশের আভাস দেন।
/এমএইচআর