হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন করে অফিস খোলার ঘোষণার পর আগুনের ঘটনা ঘটেছে। এতে পরিত্যক্ত কার্যালয়ের ভেতরে থাকা ময়লা-আবর্জনায় আগুন ধরে যায়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পতাকা উত্তোলন করে অফিস খুলে কার্যক্রম চালিয়ে নেওয়ার ঘোষণা দেন। পরে দুপুরে কে বা কারা কার্যালয়ে আগুন দেয়। খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সকালে কারা স্লোগান দিয়েছিল তা শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি আগুন লাগার উৎস কীভাবে সৃষ্টি হয়েছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট হবিগঞ্জে ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। দিনভর সংঘর্ষের পর বিকেলে আওয়ামী লীগ পিছু হটলে কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় দীর্ঘদিন সেখানে কোনো দলীয় কার্যক্রম পরিচালিত হয়নি।
সময়ের আলো/আরবিএন