কুমিল্লার হোমনা উপজেলাতে এক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে উপজেলা বাসস্ট্যান্ড ও পঞ্চবটি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ (৩৭), তার ছেলে ইয়াসিন (১২) এবং স্ত্রী খাদিজা (৩৫) আহত হন। তারা উপজেলার দড়িকান্দি, ঘনিয়ারচর এলাকার বাসিন্দা।
এর কিছুক্ষণ পর একই এলাকার হোমনা-বাঞ্ছারামপুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মরিয়ম (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়। পরে পঞ্চবটি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় কাতারের নেছা (৬০) নামে আরও একজন আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক জানান, আহতদের মধ্যে ইয়াসিন, খাদিজা ও মরিয়মের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরি বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।