দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাজার এলাকায় উজ্জল হোসেন (৩০) নামে এক ট্রাক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বাজারের একটি দুইতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উজ্জল হোসেন খলিসাকুন্ডি এলাকার ঈমান আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন এবং স্থানীয় বাসিন্দা আসাদুল হকের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক তালাবদ্ধ ঘর খুলে উজ্জলের মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ কক্ষের ভেতরে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করা হয়েছিল।
বাড়ির মালিক আসাদুল হক জানান, প্রায় সাত মাস আগে উজ্জল তার বাড়িতে ভাড়া ওঠেন। গত ১০ ফেব্রুয়ারি রাতে তিনি বাড়িভাড়া বাবদ তিন হাজার টাকা দেন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। মঙ্গলবার তালাবদ্ধ ঘর খুলে মরদেহটি পাওয়া যায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আরবিএন