প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৪ পিএম
অস্ত্রসহ আটক দুই জন। ছবি: সময়ের আলোচট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান ইকরামকে এক সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বায়েজিদ এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আবুল কামাল আজাদ (৬২) ইমতিয়াজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চাঁদা আদায় ও ব্যক্তিগত গাড়িচালকের দায়িত্ব পালন করত।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, ইমতিয়াজ চট্টগ্রামের অপরাধ জগতের পরিচিত মুখ, আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলার সহযোগী ছিল। বায়েজিদ বোস্তামি, অক্সিজেন ও মুরাদপুর এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা আদায়ের জন্য বিদেশি নম্বর ব্যবহার করত। ইমতিয়াজ ‘রিচ কিডস’ নামে কিশোর গ্যাং পরিচালনা করত এবং নিজের পরিচয় গোপন রেখে দেশে নিয়মিত যাতায়াত করত।
সিডিএমএস পর্যালোচনায় জানা গেছে, ইমতিয়াজের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া স্কুল ছাত্রী তাসফিয়ার হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এর আগে, ইমতিয়াজ ও তার স্ত্রী রুমা আক্তার স্মৃতি ঢাকার বসুন্ধরা শপিং সিটি কমপ্লেক্স থেকে আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেফতার করার সময় পুলিশকে সহায়তা করেছিল। এর ফলে তাকে হত্যার হুমকি ও এক কোটি টাকার চাঁদা দাবি করা হয়েছিল। ইমতিয়াজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আ জ ম নাছিরের সহযোগী হিসেবেও চট্টগ্রামে পরিচিত।
সময়ের আলো/আরবিএন