দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ব্যয় সংকোচন ও জনস্বস্তি ফিরিয়ে আনতে আত্মসংযমমূলক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদীয় দল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের এই পরিকল্পনা ও নৈতিক অবস্থানের কথা তুলে ধরেন।
ভাষণে জানানো হয়, সংসদীয় দলের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, দলের কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি আমদানি বা সরকারি প্লট বরাদ্দ নেবেন না। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় ন্যায়পরায়নতা ও কৃচ্ছসাধনকে অগ্রাধিকার দিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার সংস্কৃতি গড়ে তোলা হবে।
এছাড়া রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর যানজট নিরসনে সারাদেশে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। রেল, নৌ, সড়ক ও সেতু খাতে সমন্বিত উদ্যোগ নিয়ে সহজ, নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে বলে উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। তরুণদের মেধা ও দক্ষতা বিকাশে রাষ্ট্র সব ধরনের সহায়তা দেবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি জনসম্পদের উপর গুরুত্বারোপ করে আরও বলেন, আমাদের সম্পদ সীমিত হতে পারে, কিন্তু সম্ভাবনা অসীম। যদি আমরা প্রতিটি শিক্ষার্থী ও যুবককে দক্ষ করে গড়ে তুলতে পারি, তবে বিশ্ববাজার আমাদের জন্য উন্মুক্ত হবে।
সময়ের আলো/আরবিএন