খেলাধুলার অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়ে গতকাল প্রথম দিনে অফিস করেছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল সচিবালয়ে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী নির্দেশনায় অনেকগুলো কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচিগুলো হলো- খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠাকরণে সব খেলার জাতীয় দলের খেলোয়াড়দের একটি স্থায়ী বেতন কাঠামোর আওতায় আনয়নের ব্যবস্থা গ্রহণ; চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার ব্যবস্থা গ্রহণ; নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে ১২-১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান; ৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ।
এছাড়া সব মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠ স্থাপন/উন্নয়নের ব্যবস্থা গ্রহণ; দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিতকরণ; দেশে ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপন; বিভিন্ন ব্যাংক ও করপোরেট সংস্থাকে খেলাধুলায় স্পন্সরশিপের জন্য সম্পৃক্তকরণ।
সময়ের আলো/আআ