গোলের সুযোগ নষ্টের মহড়া, মাঠের লড়াই ছাপিয়ে সাইডলাইনের উত্তেজনা আর শেষ মুহূর্তের নাটকীয়তা- সব মিলিয়ে বেনফিকার মাঠ পর্তুগালে মঙ্গলবার রাতে এক রোমাঞ্চকর দ্বৈরথের সাক্ষী হলো ফুটবলবিশ্ব। তবে সব বাধা পেরিয়ে শেষ হাসি হেসেছে আলভারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের একক নৈপুণ্যে বেনফিকাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর পথে এক ধাপ এগিয়ে গেল লস ব্লাঙ্কোসরা।
চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বে আগের দেখায় ৪-২ গোলে জিতে রিয়াল মাদ্রিদকে সরাসরি শেষ ষোলোতে উঠতে দেয়নি বেনফিকা। লিসবনে সেই ম্যাচে উত্তাপ ছড়ায় মাঠের পারফরম্যান্স। তবে নকআউট প্লে অফে আবার যখন তারা মুখোমুখি হলো, তখন তা ম্লান করে দিল বর্ণবাদের মতো নিন্দনীয় ঘটনা। বর্ণবাদী মন্তব্যের অভিযোগ করেন ভিনিসিয়ুস জুনিয়র। তারপর সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন। খেলা ১০ মিনিট বন্ধ ছিল।
ম্যাচের প্রথমার্ধজুড়ে ছিল রিয়াল মাদ্রিদের আক্রমণের আধিপত্য। তবে গোলমুখে ফিনিশিংয়ের অভাবে বারবার হতাশ হতে হয়েছে তাদের। রিয়াল মাদ্রিদ বড় ব্যবধানে জিততে পারত যদি কিলিয়ান এমবাপে তার স্বাভাবিক ছন্দে থাকতেন। বিরতির ঠিক আগে টানা তিনটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন ফরাসি এই ফরোয়ার্ড। বিশেষ করে ৪০ মিনিটে ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ডের বাড়ানো পাসে পা ছোঁয়াতে ব্যর্থ হওয়া এবং পরবর্তীতে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেওয়া ভক্তদের হতাশ করেছে। অন্যদিকে থিবো কোর্তোয়ার অতিমানবীয় সেভ রিয়ালকে ম্যাচের ২৪ মিনিটেই পিছিয়ে পড়া থেকে রক্ষা করে।
বিরতির ঠিক পরেই ম্যাচের চিত্র পাল্টে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ৫০ মিনিটে কিলিয়ান এমবাপের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে এক বুলেট গতির শটে জাল কাঁপান এই ব্রাজিলিয়ান তারকা। এই গোলের মাধ্যমেই চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান হিসেবে কাকার (৩০ গোল) রেকর্ড ছাড়িয়ে ৩১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভিনিসিয়ুস। তার সামনে এখন কেবল ৪৩ গোল করা নেইমার।
ম্যাচটি কেবল গোলের জন্য নয়, বরং অনাকাক্সিক্ষত উত্তেজনার জন্যও মনে রাখবে ফুটবলপ্রেমীরা। ভিনিসিয়ুসের গোল উদযাপনের পর মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেফারি জানলুকা প্রেসতিয়ান্নির বিরুদ্ধে ভিনিসিয়ুসের এক অভিযোগকে কেন্দ্র করে খেলা প্রায় ১০ মিনিট বন্ধ থাকে। সাইডলাইনে বেনফিকা কোচ জোসে মরিনিয়োর সঙ্গে রিয়াল ফুটবলারদের বাদানুবাদ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ম্যাচের শেষ দিকে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে মেজাজ হারান ‘দ্য স্পেশাল ওয়ান’। ফলে মুহূর্তের ব্যবধানে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বেনফিকা কোচকে।
গত মাসের শেষ দিকে এই মাঠেই ৪-২ গোলে হেরে সরাসরি নকআউট পর্বে খেলার স্বপ্ন ভেঙেছিল রিয়ালের। এই জয়ে সেই পরাজয়ের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারল আরবেলোয়ার শিষ্যরা। ১২ মিনিটের দীর্ঘ ইনজুরি টাইমেও বেনফিকা সমতা ফেরাতে ব্যর্থ হলে মূল্যবান ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ। আগামী বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগের লড়াইয়ে মুখোমুখি হবে এই দুদল।
এদিকে ম্যাচ শেষে ভিনিসিয়ুস বর্ণবাদের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন রিয়াল ফরোয়ার্ড এমবাপে। এ জন্য তিনি বেনফিকার ফুটবলার প্রেস্তিয়ান্নিকে দায়ী করেন। তিনি বলেন, ‘বেনফিকার ২৫ নম্বর (জার্সি), তার নামও মুখে আনতে চাই না, কারণ এটা তার প্রাপ্য নয়...সে জার্সিতে মুখ ঢেকে পাঁচবার বলেছে ভিনি একটা বানর, আমি শুনেছি এটা...এই ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্য নয়।’
ম্যাচের পর বেনফিকার কোচ মরিনিয়ো বলেন তিনি ঘটনার সত্যতা নিশ্চিত হতে পারেননি। তবে আঙুল তুলেন ভিনিসিয়ুসের দিকে। তিনি বলেন, ‘দুজনের সঙ্গেই কথা বলেছি আমি। প্রেস্তিয়ান্নি একরকম বলছে, ভিনি আরেকরকম। বলছি না যে প্রেস্তিয়ান্নিকে শতভাগ সমর্থন করছি, তবে এটাও বলতে পারছি না যে ভিনিসিয়ুস আমাকে সত্যি বলেছে... আমি জানি না।’
সময়ের আলো/আআ