চট্টগ্রামের আনোয়ারায় নয়টি চাঞ্চল্যকর মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামির নাম আব্দুল করিম (৩৭)। তিনি উপজেলার চাতুরী ইউনিয়নের উত্তর চাতুরী এলাকার বাসিন্দা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কৈনপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল করিম আন্তঃজেলা গরু চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আনোয়ারা থানাসহ ত্রিশাল, চান্দিনা, মীরসরাই, ফটিকছড়ি ও কর্ণফুলী এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে নয়টিতে আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল করিম আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/আরবিএন