পবিত্র রমজান মাসের প্রথম দিনেই বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
নড়াইলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারে বিশেষ অভিযান চালিয়ে মূল্য তালিকায় কারচুপি ও অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসানেরনেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফলের দোকানে মূল্য তালিকা না থাকা এবং অস্বাভাবিক দামে পণ্য বিক্রির দায়ে দুই ফল ব্যবসায়ী ও এক সবজি ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।
এর মধ্যে ফিরোজ ফল ভান্ডারকে ৫ হাজার টাকা, আলম ফল ভান্ডারকে ১ হাজার টাকা এবং হামজা সবজি ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক শামীম হাসান বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমাদের এই তদারকি শুরু হয়েছে। এটি কোনো সাময়িক পদক্ষেপ নয় বরং পুরো মাসজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও সতর্ক করে বলেন, একই প্রতিষ্ঠান পুনরায় একই অপরাধ করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা ও দ্বিগুণ জরিমানা করা হবে।
রমজানের শুরুতে এমন আকস্মিক অভিযানে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সময়ের আলো/আরবিএন