নওগাঁয় পতাকা হাতে জয় বাংলা স্লোগান দেওয়ার একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় জেলা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী জেলা আওয়ামী লীগ অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে স্লোগান দিচ্ছেন।
ভিডিওতে ৩৪ সেকেন্ডের সময়সীমায় সাদা টিশার্ট পরা শফিকুর রহমান মামুনসহ ৬-৭ জন নেতাকর্মী ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ স্লোগান দিতে দেখা গেছে।
কর্মসূচি সম্পর্কে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমানের নেতৃত্বে এদিন সকাল ৭টায় কার্যালয়ে অবস্থান গ্রহণ ও পতাকা উত্তোলন করা হয়।
শফিকুর রহমান মামুন নিজেও ভিডিওটি তার ফেসবুক পেজে আপলোড করেছেন এবং জেলার একাধিক নেতাকর্মী ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ ১৮ মাস পর স্লোগানে মুখরিত হয়েছে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়।
সদর থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি মুঠোফোনে বলেন, আজ ভোরের দিকে তারা পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিয়েছে। পরে পতাকাগুলো আমরা নিয়ে এসেছি।
সময়ের আলো/আরবিএন