গাজা উপত্যকা বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরের অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা মারাত্মক সংকটে রয়েছে। খাদ্য উৎপাদন ও মানবিক জীবনধারণের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোও ধ্বংসপ্রাপ্ত। এমন পরিস্থিতির মধ্যেই ফিফা গাজার জন্য একটি নতুন জাতীয় ফুটবল স্টেডিয়াম নির্মাণে ৬১২ কোটি টাকার প্রতিশ্রুতি দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’ উদ্বোধনী সভায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সভায় নয়টি দেশ গাজার পুনর্গঠনের জন্য ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও পাঁচটি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে সৈন্য মোতায়েন করবে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, শুধু ঘরবাড়ি, স্কুল বা হাসপাতাল পুনর্নির্মাণ করলেই হবে না, আমাদের মানুষের আশা, আবেগ ও বিশ্বাসকেও পুনর্গঠন করতে হবে। ফুটবল সেই পুনর্গঠনের শক্তিশালী মাধ্যম।
এসময় তিনি আরও বলেন, ফুটবল বা সকার কেবল খেলা নয়, বরং এটি আনন্দ, একতা এবং আশার প্রতীক।
ফিফা ২০ হাজার থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম নির্মাণের জন্য ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৬১২ কোটি টাকা) এবং একটি ফুটবল একাডেমি স্থাপনের জন্য ১৫ মিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও সংস্থা ৫০টি ছোট ফুটবল মাঠ নির্মাণের জন্য ২.৫ মিলিয়ন ডলার এবং পাঁচটি পূর্ণ-মাপের মাঠের জন্য প্রতিটি ১ মিলিয়ন ডলারের তহবিল নিশ্চিত করেছে।
গাজার নিজস্ব কোনো জাতীয় ফুটবল দল নেই। এখানে ফিলিস্তিনি দল গাজা ও পশ্চিম তীরের প্রতিনিধিত্ব করে এবং ১৯৯৮ সাল থেকে ফিফা এখানে স্বীকৃত। তবে, তারা এখনও বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি।
উল্লেখ্য, ইনফান্তিনো দীর্ঘদিন ধরে গাজার পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথভাবে আয়োজিত চলতি বছরের বিশ্বকাপের আগে তাকে প্রায়ই হোয়াইট হাউজে দেখা গেছে। গত মাসে সুইজারল্যান্ডের দাভোসে গাজা যুদ্ধ বন্ধের জন্য হোয়াইট হাউজের মধ্যস্থতায় ‘বোর্ড অফ পিস’ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রায়ও তিনি উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে বারবার ইনফান্তিনোর কথার উল্লেখ করেছেন এবং বিশ্বকে ঐক্যবদ্ধ করার শক্তি হিসেবে ফুটবলকে বর্ণনা করেছেন।
বোর্ডের সদস্যদের সম্পর্কে ট্রাম্প এসময় বলেন, কার্যত প্রত্যেকেই একটি দেশের প্রধান এবং ইনফান্তিনো সম্পর্কে বলেন, ফুটবলের প্রধান, তাই সেটা খুব একটা খারাপ নয়। আমি মনে হয়, আপনার চাকরিটাই সবচেয়ে বেশি পছন্দ করি বলেও মন্তব্য করেন তিনি।
/ইউএমএইচ