ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে প্রথমবারের মতো চট্টগ্রামে আসেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিমানবন্দরে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
অর্থমন্ত্রী বলেন, একটি নির্বাচিত সংসদ ও সরকার এসেছে। দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে গণতান্ত্রিক অর্ডার আরও সুসংহত হবে।
চট্টগ্রামের উন্নয়ন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। এ জন্য সমন্বিতভাবে কাজ করতে হবে। এটি বড় দায়িত্ব, তবে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।
চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরের বিষয়ে তিনি বলেন, বাণিজ্যিক রাজধানীর সঙ্গে অনেক বিষয় জড়িত। সব দিক বিবেচনায় নিয়ে কাজ করা হবে এবং সামনে আরও অগ্রগতি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিকেলে নগরীর মেহেদীবাগের বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুনের নির্বাচন এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। ২০০১ সালে সরকার গঠনের পর তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং একজন সুপরিচিত ব্যবসায়ী।
সময়ের আলো/আরবিএন