সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, আর লক্ষ্মীপুরেও তা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সড়কে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিন দিনের সফরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে পৌঁছান মন্ত্রী। সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বো কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন তিনি। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
সার্কিট হাউসে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টুসহ অনেকে।
মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূর করতে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখননের একটি নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা থেকে মানুষ মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, মেঘনা নদী ও রহমতখালী খালের পাড়ে ভাঙনরোধে সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশব্যাপী খাল খননের জন্য ১৮০ দিনের একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং খুব শিগগিরই এ কার্যক্রম শুরু হবে, যার আওতায় লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে।
সময়ের আলো/আরবিএন