পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সদ্য সমাপ্ত নির্বাচনে দেশের সনাতনী সম্প্রদায় প্রমাণ করেছে যে, তারা একাত্তর ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করে না। সনাতনীরা নির্দিষ্ট কোনো দলের সম্পদ নয়; বরং তারা গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনাকে হৃদয়ে ধারণ করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ঐতিহ্যবাহী বোদেশ্বরী শক্তিপীঠ মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আজাদ এসব কথা বলেন।
নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে নিজ এলাকায় প্রথম সফরে সনাতনী সম্প্রদায়ের এই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল দেশ ও স্বাধীনতার পক্ষে-বিপক্ষে শক্তির মধ্যকার লড়াই। বোদা ও দেবীগঞ্জ উপজেলার সনাতনী সমাজ আমাকে বিপুল সমর্থন দিয়ে বিজয়ী করেছেন, যা আমি আজীবন স্মরণ রাখব।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সনাতনী সম্প্রদায়ের এই অবদানের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আপনারা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন এবং মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাস করতে পারেন, সরকার ও দলের পক্ষ থেকে আমি সেই নিশ্চয়তা দিচ্ছি।
দলের নেতাকর্মীদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, যারা আমাদের দলকে ভোট দেননি, তাদেরও সমান অধিকার রয়েছে। দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে, দল তার দায় নেবে না।
প্রতিমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে বোদেশ্বরী শক্তিপীঠের সভাপতি মুকুল কুমার বকশী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, দেবীগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রতিমন্ত্রী বোদা উপজেলার কালিয়াগঞ্জ ও বগদুলঝোলা বাজারে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আরও সাতটি স্থানে পৃথক সভায় অংশ নেন। বিকেলে তিনি বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে অনুষ্ঠিত ইফতার মাহফিলেও যোগ দেন।
সময়ের আলো/আরবিএন