গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে এক কৃষকের এক বিঘা জমির শসা খেত গভীর রাতে কেটে নষ্ট করা হয়েছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোবারক হোসেন।
মোবারক হোসেন জানান, ধারদেনা করে চলতি মৌসুমে তিনি এক বিঘা জমিতে শসার আবাদ করেছিলেন। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক খরচ মিলিয়ে এতে উল্লেখযোগ্য বিনিয়োগ ছিল। সম্প্রতি গাছে ফলন ধরা শুরু করার সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা গাছের গোড়া কেটে অধিকাংশ খেত নষ্ট করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত খেতের পাশে দাঁড়িয়ে কৃষক দিশেহারা।
তিনি বলেন, ফলন শুরু হতেই গাছ কেটে দিল। এখন ঋণের টাকা শোধ করব কীভাবে? যারা এটি করেছে, তারা আমার সর্বনাশ করেছে।
স্থানীয়রা জানান, এটি কোনো সাধারণ দুষ্টুমি নয়, পরিকল্পিতভাবে ক্ষতি করা হয়েছে। ক্ষেতের পাশের খেলার মাঠে আগে কিছু বাকবিতণ্ডা ও হুমকির ঘটনা ঘটেছিল বলে অভিযোগ উঠেছে।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, মানুষের সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু ফসলের সঙ্গে কেন শত্রুতা হবে? যারা এমন কাজ করেছে, তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কৃষক মোবারককে পরবর্তী কৃষি কাজের জন্য সহায়তা দেওয়া হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এক রাতেই কৃষকের ঘাম-ঝরা পরিশ্রম ও ভবিষ্যতের স্বপ্ন চুরমার হয়েছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপই মোবারক হোসেনের মতো অসহায় কৃষকের ন্যায়বিচারের আশা জাগাতে পারে।
সময়ের আলো/আরবিএন