গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র্যাব-৬), ভাটিয়াপাড়া ক্যাম্প।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে কাশিয়ানী উপজেলা থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে মোঃ মনিরুল ইসলাম (৩৫) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি খুলনা জেলার রূপসা থানার চরমোসাব্বাদপুর গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে।
র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ আতাউর রহমানের দায়ের করা মামলার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভাটিয়াপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান নেয়। এ সময় ইমাদ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শুক্রবার কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সময়ের আলো/আরবিএন