দেশের অর্থনীতির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সবশেষ তথ্যমতে, দেশের মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসারে দেশে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন খান জানান, আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৬ কোটি ৪৩ লাখ ২০ হাজার ডলার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭৭ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার।
এর আগে গত ৮ জানুয়ারি আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ ছিল ২ হাজার ৭৮৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। অন্যদিকে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩ হাজার ২৪৩ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম মাস জানুয়ারিতে দেশে ৩১৭ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে, যা এ যাবৎকালের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এই আয় ২০২৫ সালের একই মাসের তুলনায় ৪৫.৪১ শতাংশ বেশি। উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে ২১৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে ব্যাংকে ডলার সরবরাহ আগের চেয়ে বেড়েছে। ডলারের দর যেন হুট করে পড়ে না যায়, সেজন্য নিলামের মাধ্যমে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।
তিনি আরও বলেন, বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাতে ডলার দরও পড়ে যাচ্ছে না আবার রিজার্ভও বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের।
সময়ের আলো/আরবিএন