নোয়াখালীর হাতিয়া উপজেলার ২নং চানন্দী ইউনিয়নে মিথ্যা ও সাজানো ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।
২০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে উপজেলার ২নং চানন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রকল্প বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আব্দুল হান্নান মাসউদ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং একটি পক্ষকে ঘায়েল করতে পরিকল্পিতভাবে এই নাটক সাজিয়েছেন।
বক্তারা বলেন, দ্বীপ হাতিয়ার শান্ত পরিবেশ নষ্ট ও জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনতে হবে।
‘চানন্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে এলাকাবাসী ঝাড়ু মিছিল বের করে প্রকল্প বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য, নির্বাচনকে কেন্দ্র করে ‘শাপলা’ প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগ ওঠে। তবে অভিযোগে উল্লিখিত সময়ে অভিযুক্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে দাবি করা হয়েছে। এ নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।
সময়ের আলো/আরবিএন