আর্জেন্টাইন ফুটবলের শীর্ষ পর্যায়ে বড় ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ অপব্যবহার এবং বিশাল অঙ্কের কর ফাঁকির অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিচারক ডিয়েগো আমারান্তে এক আদেশে ক্লদিও তাপিয়াকে আগামী ৫ মার্চ বুয়েন্স আইরেসের আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন।
কাস্টমস কালেকশন অ্যান্ড কন্ট্রোল এজেন্সির (এআরসিএ) অভিযোগ অনুযায়ী তাপিয়া ২০২৪ ও ২০২৫ সালে প্রায় ১৯ বিলিয়ন পেসো (১২.৮ মিলিয়ন মার্কিন ডলার) সামাজিক নিরাপত্তা অনুদান পরিশোধ করেননি। তার ব্যক্তিগত সম্পদ এবং সংস্থার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তদন্তের স্বার্থে এবং আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে তাপিয়ার পাশাপাশি এএফএর কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনো, সাধারণ সম্পাদক ক্রিস্তিয়ান মালাসপিনা, মহাপরিচালক গুস্তাভো লরেনসো এবং সাবেক রেসিং ক্লাব সভাপতি ভিক্টর ব্লাঙ্কোকেও সাক্ষ্য দিতে তলব করা হয়েছে। তাদের সবার ওপরেই বর্তমানে দেশত্যাগে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
এই আইনি জটিলতার কারণে একটি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচে তাপিয়ার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদি ৫ মার্চের সাক্ষ্য দেওয়ার পরও এই নিষেধাজ্ঞা বহাল থাকে তবে আগামী ২৭ মার্চ কাতারে অনুষ্ঠেয় মর্যাদাপূর্ণ ‘ফিনালিসিমা’ ম্যাচে তিনি থাকতে পারবেন না।
উল্লেখ্য, কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ও ইউরো ২০২৪ জয়ী স্পেনের মধ্যকার এই মেগা লড়াইয়ে গ্যালারিতে এএফএ সভাপতির থাকা এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
সময়ের আলো/এআর