আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের সমাগম ঘটে। অভিযোগ পাওয়া গেছে, এ সময় ভিড়ের সুযোগ নিয়ে প্রায় এক ঘণ্টার মধ্যে ১০-১২টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) পুলিশ জানিয়েছে, হারানো মোবাইল ফোন উদ্ধারে কাজ চলছে।
হাজার হাজার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন মন্তব্য করে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এতো মানুষের মধ্যে কে চোর তা বোঝা মুশকিল। আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি। যারা মোবাইল ফোন হারিয়েছেন, তারা জিডি করুন।
তিনি আরও বলেন, কয়েকটি হারানো মোবাইল ফোনের নম্বর সংগ্রহ করা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
একইসঙ্গে, শহীদ মিনারে আগতদের ব্যক্তিগত জিনিসপত্র বিশেষ করে মোবাইল ফোনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
/ইউএমএইচ