গাইবান্ধায় নানা আয়োজনে মহান শহিদ দিবস পালন

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত পেরিয়ে ২১

2026-02-21T18:35:48+00:00
2026-02-21T18:35:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় নানা আয়োজনে মহান শহিদ দিবস পালন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৫ পিএম 
গাইবান্ধায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ছবি : সময়ের আলো
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত পেরিয়ে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষাশহিদদের স্মরণে নীরব শ্রদ্ধায় মাথা নত করে জেলা প্রশাসন, রাজনৈতিক-সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ।

শনিবার রাত ১২টা ১ মিনিটে পৌর শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য আব্দুল করিম। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গাইবান্ধা প্রেসক্লাব, জেলা বিএনপি, প্রগতি লেখক সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহিদ মিনারে ফুল দিয়ে ভাষাশহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। 

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুর আর নিস্তব্ধতার আবহে পুরো এলাকা হয়ে ওঠে শোক ও গৌরবের মিলিত প্রাঙ্গণ।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় দিনের আনুষ্ঠানিক কর্মসূচি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা প্রভাতফেরিতে অংশ নেন। খালি পায়ে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ভবনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের তাৎপর্য, স্বাধীনতা সংগ্রামে একুশের চেতনা এবং মাতৃভাষা চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল এবং পৌর জামায়াতের আমির একেএম ফেরদৌস আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত রচিত হয়েছে। সেই চেতনা ধারণ করেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও আবৃত্তি পরিবেশন করেন।

বাদ জোহর জেলার সব মসজিদে ভাষাশহিদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এছাড়া পৌর শহীদ মিনার চত্বরে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ভাষা আন্দোলনের ওপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সেখানে নানা বয়সী মানুষ অংশ নেন।

দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধাবাসী আবারও স্মরণ করেছে ১৯৫২ সালের সেই আত্মত্যাগের ইতিহাস, যা বাঙালির স্বাধীনতার পথরেখা তৈরি করেছিল এবং বিশ্ব দরবারে বাংলা ভাষাকে দিয়েছে অনন্য মর্যাদা। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   গাইবান্ধা  মহান  শহীদ  দিবস  আন্তর্জাতিক  মাতৃভাষা  দিবস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: