রমজান মাসে অতিরিক্ত মুনাফা পরিহার করে ন্যায্য দামে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেটের একটি হোটেলের হলরুমে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।
খন্দকার আবদুল মুক্তাদির বলেন, পবিত্র রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসে ভোক্তাদের ওপর বাড়তি চাপ না দিয়ে বরং সহনশীল মনোভাব দেখানো উচিত।
সৌদি আরবের উদাহরণ টেনে বাণিজ্যমন্ত্রী বলেন, সেখানে রমজান এলে ব্যবসায়ীরা সওয়াবের আশায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে দেন। আমাদের দেশেও ব্যবসায়ীরা ১১ মাস লাভ করেন, রমজানে সেই লাভ কিছুটা কমিয়ে দিলে আল্লাহর রহমত ও মানুষের দোয়া পাওয়া যাবে।
মন্ত্রী আরও জানান, রমজানে আমদানি নির্ভর পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং এসব পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগে রমজানে বাজার স্থিতিশীল থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে ইবাদত পালন করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।