ত্রিশালে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ত্রিশাল উপজেলায় নতুন নির্মিত পিচঢালা সড়কের কাজ নিয়ে জনমনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। সড়কে হাত দিলেই পিচ উঠে যাচ্ছে এমন

2026-02-21T20:36:05+00:00
2026-02-21T20:36:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ত্রিশালে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম 
ত্রিশালে পিচঢালা সড়ক নিয়ে বিতর্ক, নিম্নমানের কাজের অভিযোগে ক্ষোভ। ছবি : সময়ের আলো
ত্রিশাল উপজেলায় নতুন নির্মিত পিচঢালা সড়কের কাজ নিয়ে জনমনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। সড়কে হাত দিলেই পিচ উঠে যাচ্ছে এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করছেন স্থানীয়রা। তবে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে কাজে কোনো ত্রুটি পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঁঠাল ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিলবাড়ি থেকে কালির বাজার পর্যন্ত সড়কের প্রায় ছয় কিলোমিটারের মধ্যে এক কিলোমিটার অংশে পাকাকরণের কাজ চলছে। এ কাজের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান রহমান এন্টারপ্রাইজ। নির্মাণকাজের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের পিচ ব্যবহার করে ধুলোবালি ভালোভাবে না সরিয়েই দায়সারা কাজ করা হয়েছে, যা কয়েক দিনের মধ্যেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী জানান, জনগণের কষ্টার্জিত অর্থে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত তদন্ত করে সঠিক মান বজায় রেখে পুনরায় কাজ সম্পন্ন করার দাবি জানান এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে সড়ক নির্মাণকাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনওর অফিসিয়াল ফেসবুক আইডি থেকে জরুরি বার্তা দেওয়া হয়েছে। 

বার্তায় বলা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) কর্তৃক সরকারি রাস্তা নির্মাণ ও সংস্কার কাজে বাধা সৃষ্টি এবং নির্মাণসামগ্রী নষ্ট করার ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। প্রকল্পের প্রাক্কলন না জেনে বিভ্রান্তি ছড়ানো ও সরকারি কাজে বাধা দিলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসনের ওই পোস্টের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কাজের মান নিশ্চিত করার দাবি জানান।

নাজমুল হক নামে এক ব্যক্তি পোস্টের মন্তব্যে বলেন, আমি মনে করি ত্রিশাল ইউএনও সাহেবের উচিত এরকম হুমকিমূলক বক্তব্য না দিয়ে, কোথায় কী ধরনের অবহেলা আছে এ ব্যাপারে সঠিক তদারকি করা। জনগণকে সঙ্গে নিয়ে দুর্নীতির ব্যাপারে সোচ্চার হওয়া।

হাসান সরকার নামে অপর একজন মন্তব্যে বলেন, সরাসরি হুমকি না দিয়ে বিষয়টি আরও শালীনভাবে উপস্থাপন করা যেত। তিনি দাবি করেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার দুর্নীতির শামিল এবং এর প্রতিবাদকে সরকারি কাজে বাধা হিসেবে চিহ্নিত করা ন্যায়সঙ্গত নয়। একই সঙ্গে তিনি বিষয়টি তদন্ত করে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে সড়ক পরিদর্শন শেষে আরাফাত সিদ্দিকী জানান, শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন স্থানে নির্মাণাধীন সড়ক সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। কয়েকটি স্থানে নমুনা পরীক্ষা করে প্রাথমিকভাবে কাজে কোনো ত্রুটি পাওয়া যায়নি এবং প্রকল্প অনুযায়ী কার্পেটিংয়ের পুরুত্ব ৪০ মিলিমিটারের বেশি পাওয়া গেছে। 

তিনি বলেন, কার্পেটিং কাঁচা থাকায় এটি তুলে ফেলা সম্ভব হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও দাবি করেন, কিছু দুর্বৃত্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং ফেসবুকে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে এমন কর্মকাণ্ড করছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তবে উন্নয়ন কাজে কোনো অনিয়ম চোখে পড়লে সরাসরি প্রশাসনকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা সড়ক নির্মাণকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি কামনা করেছেন।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   ত্রিশাল  পিচঢালা  সড়ক  প্রশাসন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: