ক্ষমতাচ্যূত হওয়ার ১৮ মাস পর ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলা বাসস্ট্যান্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জাতীয় পতাকা উত্তোলন করেছে দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একই রাতে শহিদ মিনারের বেদীতে দলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সংক্রান্ত ছবি ও ভিডিও শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের গৌরনদীর বার্থী ইউনিয়ন শাখার সভাপতি মামুনুর রশিদ মনু মোল্লা, সরকারি বরিশাল কলেজ শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদার, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা ও আজিজুল মোল্লাসহ কয়েকজন শহিদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।
এসময় তাদের বলতে শোনা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
অপর একটি ভিডিওতে দেখা যায়, একই ব্যক্তিরা গৌরনদী বাসস্ট্যান্ডস্থ কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করছেন।
এসময় তারা দাবি করেন, দীর্ঘ ১৮ মাস পর দক্ষিণ বাংলার নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার উত্তরসূরি সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর নির্দেশে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে।
সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন বলেন, তারা বরিশালে একটি অনুষ্ঠানে অবস্থান করছেন এবং পতাকা উত্তোলন বা শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, এ ধরনের কোনো তথ্য তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ছবিতে দেখা যায়, একই রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়েও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সময়ের আলো/আরবিএন