একটি দম্পতির সন্তান গ্রহণ এবং সেই কেন্দ্রিক দুই পরিবারের চাওয়া-পাওয়াকে ঘিরে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘হ্যাপি ডিভোর্স’। তুহিন তেহরিনের রচনায় এটি পরিচালনা করেছেন তপু খান। নাটকে জুটি বেঁধেছেন বর্তমান সময়ের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। গল্পে তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।
পরিচালক তুহিন জানান, হ্যাপি ডিভোর্স নাটকটি চেনা গল্পের বাইরে। এখানে আমাদের পরিবারের কিছু বাস্তবতা তুলে ধরা হয়েছে। পরিবার যতই সুখের হোক সন্তানের শূন্যতা সবকিছুকে ছাপিয়ে যায়। আশা করি নাটকটি সবার ভালো লাগবে। নাটকটিতে জোভান-পায়েলের সঙ্গে অভিনয় করেছেন একঝাঁক অভিনয়শিল্পী। নাটকে জোভানের মা-বাবার চরিত্রে অভিনয় করেছেন সুব্রত ও শামীমা নাজনীন। অন্যদিকে কেয়া পায়েল ও তাহমিনা সুলতানা মৌয়ের মায়ের চরিত্রে আছেন রোজী সেলিম। নাটকে মৌয়ের স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন সমাপ্তি।
নাটকটি প্রসঙ্গে জোভান বলেন, ‘গল্পটি মূলত আমাদের সন্তান নেওয়াকে কেন্দ্র করে। আমার মা-বাবা তাদের নাতি-নাতনির মুখ দেখতে চান, আর এই চাওয়া থেকেই গল্পের জটিলতা ও বিনোদন তৈরি হয়। কাজটি বেশ উপভোগ্য হয়েছে।’
কেয়া পায়েল তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘ঈদের নাটক হিসেবে হ্যাপি ডিভোর্স দর্শকদের জন্য একটি চমৎকার উপহার হবে। এর গল্পের ভাবনাটা গতানুগতিক ধারার চেয়ে কিছুটা আলাদা ও ব্যতিক্রমী।’
দীর্ঘদিন পর এমন ঘরানার কাজ নিয়ে আশাবাদী রোজী সেলিমও। তিনি বলেন, ‘পরিচালক তপু খান অত্যন্ত যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আমরা সবাই যার যার চরিত্রে শতভাগ দেওয়ার চেষ্টা করেছি।’
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে একটি ইউটিউব চ্যানেলে হ্যাপি ডিভোর্স অবমুক্ত হবে।
সময়ের আলো/এনএ