মধ্যরাতে চাঁদাবাজি ও গণছিনতাই রোধের দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ঢাকার মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে থানা ঘেরাও করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
জানা গেছে, আদাবর এলাকায় একটি এমব্রয়ডারি কারখানার মালিক এবং শ্রমিকদের ওপর চাঁদাবাজরা হামলা চালিয়ে তাদের কুপিয়ে মারাত্মক আহত করে। এরপর রাত ১২টার পর থেকে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী আদাবর থানার সামনে অবস্থান নেন এবং রাস্তা অবরোধ করেন।
এসময়, তারা ‘নিরাপত্তা চাই’ বলে স্লোগান দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাস পেয়ে তারা শান্ত হন।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, আহত কারখানা মালিকের পক্ষ থেকে মামলা করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অপরাধীদের গ্রেফতার করা হবে।
এদিকে, ঘটনার পর অভিযুক্ত ছিনতাইকারী চক্রের প্রধান রাসেলের বাড়ি ঘেরাও করে তাকে না পেয়ে তার বাবাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
/ইউএমএইচ