ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে আট গ্রামবাসী আহত হয়েছেন। আহতরা হলেন জশু মিয়া, নুরে আলম, ইব্রাহিম, শামসু মিয়া, আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নবীনগরের মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু বালু উত্তোলনকারীরা অবৈধভাবে নির্দিষ্ট সীমা ছেড়ে চরলাপাং গ্রামে এসে বালু উত্তোলন করতে থাকে। এতে ওই গ্রামের কৃষি জমি সহ আশপাশের এলাকায় ভাঙনের ঝুঁকিতে পড়ে। রোববার সকালে আবারও বালু উত্তোলন করার সময় স্থানীয় গ্রামবাসী বাধা দেয়।
এ সময় পাশের রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় করে আসা সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে আটজন গুলিবিদ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর উপর গুলি করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
সময়ের আলো/আআ