কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের অর্থনীতিকে টেকসই করতে হলে কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। কৃষি কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে রাষ্ট্রীয় সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, সরাসরি কৃষকদের হাতে পৌঁছালে বীজ, সার, সেচ ও অন্যান্য প্রণোদনা বিতরণ আরও স্বচ্ছ হবে এবং মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে কাপলাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নিম্নমানের বীজ কৃষি উৎপাদনের বড় অন্তরায় মন্তব্য করে এম জহির উদ্দিন স্বপন বলেন, পরিকল্পিতভাবে উন্নত জাতের বীজ সরবরাহ করা গেলে, একই জমিতে উৎপাদন বাড়ানো সম্ভব। এতে কৃষকের আয় বাড়বে এবং খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমবে।
মন্ত্রী আরও বলেন, এখনো দেশের অনেক কৃষক পুরোনো পদ্ধতিতে চাষাবাদ করছেন। আধুনিক যন্ত্র সহজলভ্য হলে শ্রম ও সময় দুটোই কমবে, উৎপাদন আরও দক্ষ হবে। সঠিক পদ্ধতিতে চাষাবাদ, সেচ ব্যবস্থাপনা ও ফসল সংরক্ষণের জ্ঞান না থাকলে উৎপাদনের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায় না। সে কারণে কৃষি প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম জোরদার করা হবে বলে জানান তিনি।
কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে এই উদ্যোগগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ বলে জানান তিনি। কৃষকদের পাশে দাঁড়াতে পারলেই দেশের খাদ্য নিরাপত্তা ও সামগ্রিক অর্থনীতি আরও দৃঢ় হবে বলে মনে করেন তিনি।
/ইউএমএইচ