পূর্ব পাকিস্তান ছাত্রলীগের এজিএস থেকে বাংলা সিনেমার সুপারস্টার এ যেন এক রোমাঞ্চকর জীবনের মহাকাব্য। কিংবদন্তি অভিনেতা-প্রযোজক সোহেল রানা, যার আসল নাম মাসুদ পারভেজ, ২১ ফেব্রুয়ারি পা রাখলেন ৮০ বছরে। জন্মদিনে কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, সবার দোয়া আর ভালোবাসাতেই ৭৯ পেরিয়ে আশিতে পৌঁছেছেন; দেশ ও জাতির মঙ্গলই তার প্রার্থনা।
রাজনীতিতে হাতেখড়ি ১৯৬১ সালে, আনন্দমোহন কলেজে। ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের এজিএস- তারুণ্যের নেতৃত্বে তখনই আলোচিত নাম। কিন্তু ইতিহাস তাকে চেনে অন্য পরিচয়ে। ১৯৭২ সালে প্রযোজক হিসেবে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা ১১ জন উপহার দেন, পরিচালনায় ছিলেন চাষী নজরুল ইসলাম।
আরও পড়ুন
এরপর ১৯৭৪ সালে ‘মাসুদ রানা’ চরিত্রে নায়ক হয়ে পর্দা কাঁপান। কাজী আনোয়ার হোসেনের কল্পজগতের নায়ক যেন বাস্তবেই জন্ম নিলেন রুপালি পর্দায়। বিপরীতে ছিলেন কবরী। পরবর্তী সময়ে ‘এপার ওপার’, ‘দস্যু বনহুর’, ‘জীবন নৌকা’সহ প্রায় তিন শতাধিক ছবিতে অভিনয় করে তিনি হয়ে ওঠেন এক যুগের প্রতীক।
নিজের প্রতিষ্ঠান পারভেজ ফিল্মস থেকে নির্মিত হয়েছে ৩০টির বেশি চলচ্চিত্র। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই তারকা আজও বলেন- ‘চলচ্চিত্রকে ভালোবেসেই সারাজীবন কাটালাম।’ সত্যিই, রাজনীতির মঞ্চ পেরিয়ে তিনি হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্রের এক অমর নাম।
এএডি/