রমজান এলেই ইফতারের আয়োজনে বিশেষ গুরুত্ব পায় বিরিয়ানি। মসজিদভিত্তিক ইফতারে কোথায় বিরিয়ানি বিতরণ হবে- এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রতি বছরই দেখা যায় নানা আলোচনা ও মজার পোস্ট। এবার সেই আগ্রহকে প্রযুক্তির ছোঁয়ায় বাস্তব রূপ দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
‘বিরিয়ানি দিবে’ নামে একটি অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম তৈরি করেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
অ্যাপ ও ওয়েবসাইটে রয়েছে লাইভ লোকেশন যুক্ত করার সুবিধা। ব্যবহারকারীরা যদি জানতে পারেন যে নির্দিষ্ট কোনো মসজিদে ইফতারে বিরিয়ানি পরিবেশন করা হবে, তাহলে সেই তথ্য ও লোকেশন সেখানে আপলোড করতে পারবেন। অন্যরা প্ল্যাটফর্মে ঢুকে সহজেই দেখতে পারবেন- কোন এলাকায়, কোন মসজিদে সেদিন বিরিয়ানি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
উদ্যোক্তা জুবায়ের জানান, এটি মূলত একটি মজার প্রজেক্ট হিসেবেই শুরু করেছিলেন। তবে অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া মিলেছে।
রমজানকে ঘিরে এমন সৃজনশীল উদ্যোগ তরুণদের প্রযুক্তিনির্ভর ভাবনারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে। মসজিদকেন্দ্রিক ইফতার আয়োজনের তথ্য সহজে জানার সুযোগ করে দিয়ে অ্যাপটি ইতোমধ্যে কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এএডি/