কাঁচা পাট রফতানিকারকদের খেলাপি ঋণ পুনঃতফসিলের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিলের আবেদন করা যাবে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত।
রোববার (২২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিআরপিডি-১) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়, কাঁচা পাট রফতানিকারকদের বিদ্যমান সমস্যার কথা বিবেচনায় ঋণ/বিনিয়োগ হিসাব পুনঃতফসিলের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদ্যমান ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করার সময়সীমা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু রফতানি সংক্রান্ত জটিলতার কারণে অনেক গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে আবেদন করতে পারেননি।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক এসব গ্রাহকের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করেছে।
নির্ধারিত ২ শতাংশ ডাউন পেমেন্ট পরিশোধ ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে। তবে আবেদন প্রক্রিয়ায় বিআরপিডি সার্কুলার লেটার নং-২৭ (৭ জুলাই ২০২২) এবং সার্কুলার লেটার নং-২১ (১৩ অক্টোবর ২০২৫)-এ বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। এ সিদ্ধান্তে কাঁচা পাট রফতানিকারকরা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সময়ের আলো/আরবিএন