পাহাড়জুড়ে পুদিনার সুবাস

মেজবাহ উদ্দীন খালেদ, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সারাদেশ

সীতাকুণ্ডে পাহাড়ের বুক চিরে জেগে উঠেছে পুদিনা পাতার সবুজ গালিচা, চারদিকে মৌ মৌ করছে সতেজ সুবাস। পবিত্র মাহে রমজান উপলক্ষে

2026-02-22T22:03:11+00:00
2026-02-22T22:03:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পাহাড়জুড়ে পুদিনার সুবাস
রমজানে অর্ধকোটি টাকার বাণিজ্যের হাতছানি
মেজবাহ উদ্দীন খালেদ, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৩ পিএম 
সীতাকুণ্ডে পাহাড়ের বুক চিরে জেগে উঠেছে পুদিনা পাতার সবুজ গালিচা। ছবি : সময়ের আলো
সীতাকুণ্ডে পাহাড়ের বুক চিরে জেগে উঠেছে পুদিনা পাতার সবুজ গালিচা, চারদিকে মৌ মৌ করছে সতেজ সুবাস। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ের পাদদেশে এবার পুদিনা পাতার বাম্পার ফলন হয়েছে। 

আধুনিক কৃষি পদ্ধতি ও অনুকূল আবহাওয়ায় এবার বাণিজ্যিকভাবে উৎপাদিত এই ঔষধি গুণসম্পন্ন পুদিনা চাষে হাসি ফুটেছে স্থানীয় শত শত কৃষকের মুখে। সংশ্লিষ্টদের আশা, চলতি মৌসুমে উপজেলাজুড়ে অর্ধকোটি টাকারও বেশি পুদিনা বাণিজ্য হবে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, সীতাকুণ্ডের ভাটিয়ারী, সলিমপুর, কুমিরা ও সোনাইছড়িসহ বিভিন্ন এলাকায় ২০ হেক্টর জমিতে পুদিনার আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিপ্লব ঘটেছে ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ এলাকার খাদেম পাড়ায়। শুধু এই একক এলাকাতেই ১০ হেক্টর জমিতে পুদিনার চাষ হয়েছে। 

প্রায় ৫০০ জন কৃষক এ বছর খাটুনি আর মেধার সমন্বয়ে পাহাড়ের পাদদেশকে সবুজ পুদিনার বাগানে রূপান্তর করেছেন। উপজেলায় মোট ৮৫ মেট্রিকটন পুদিনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজারমূল্য ৫০ লক্ষাধিক টাকা।

মাদামবিবির হাট এলাকার কৃষক তাজুদ্দীন জানান, চলতি মৌসুমে ৪৫ শতক জমিতে পুদিনার আবাদ করেছেন। কৃষি অফিসের সঠিক পরামর্শ ও নিবিড় পরিচর্যায় এবার ফলনও আশাতীত ভালো হয়েছে। 

তিনি বলেন, সব মিলিয়ে আমার খরচ পড়েছে প্রায় ১ লাখ টাকা। যদি বাজারদর স্থিতিশীল থাকে এবং পরিস্থিতি অনুকূলে থাকে তা হলে ২ লাখ টাকারও বেশি পুদিনা বিক্রি করতে পারব বলে আশা করছি। আমার মতো এই এলাকার অন্তত ৭০ জন কৃষক পুদিনা চাষ করে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন।


স্থানীয় কৃষকরা জানান, ইফতার আয়োজনে শরবত থেকে শুরু করে নানা পদের ইফতারিতে এর চাহিদা আকাশচুম্বী। তাই রমজান আসার আগেই পাইকাররা ভিড় জমাচ্ছেন চাষিদের দোরগোড়ায়। এখান থেকে পুদিনা সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায়।

সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ পুদিনার গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, পুদিনায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা ক্যানসার, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। এ ছাড়া দাঁত ও মাড়ির ক্ষত সারাতে এবং গলার সংক্রমণ রোধে এটি অত্যন্ত কার্যকর। সীতাকুণ্ডের পাহাড়ের পাদদেশের মাটি পুদিনা চাষের জন্য অত্যন্ত উপযোগী। বাণিজ্যিকভাবে এই চাষ এখন কেবল পারিবারিক আয়ই বাড়াচ্ছে না বরং স্থানীয় পর্যায়ে বড় আকারের কর্মসংস্থানের সুযোগও তৈরি করছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা শিরিন আক্তার জানান, সারা বছর পুদিনার চাষ হলেও রমজান কেন্দ্র করে কৃষকরা বিশেষ প্রস্তুতি নেন। তিনি বলেন, আমরা মাঠপর্যায়ে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। বিশেষ করে কীটনাশকবিহীন জৈব পদ্ধতিতে পুদিনা চাষে তাদের উৎসাহিত করা হচ্ছে যাতে ভোক্তারা শতভাগ নিরাপদ ও ভেষজ গুণসম্পন্ন পণ্যটি পান।

কৃষিবিদ ড. সাইফুল আলম বলেন, সীতাকুণ্ডের পাহাড়ি অঞ্চলে পুদিনার এই ক্রমবর্ধমান উৎপাদন স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিক প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা নিশ্চিত করা গেলে এই পুদিনা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা সম্ভব।

এফআর


  বিষয়:   সীতাকুণ্ড  পাহাড়  পুদিনা  সুবাস  রমজান  অর্ধকোটি টাকা  বাণিজ্য  হাতছানি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: