উত্তরা ইপিজেডে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

জাতীয়

উত্তরা ইপিজেডে একটি তৈরি পোশাক প্রস্তুতকারী কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে

2026-02-22T22:04:43+00:00
2026-02-22T22:04:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
উত্তরা ইপিজেডে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৪ পিএম 
বেপজা’র সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে চীনভিত্তিক (হংকং) প্রতিষ্ঠান তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড। ছবি : সংগৃহীত
উত্তরা ইপিজেডে একটি তৈরি পোশাক প্রস্তুতকারী কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে চীনভিত্তিক (হংকং) প্রতিষ্ঠান তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড। 

চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ১৯.৫৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং এর মাধ্যমে ৩ হাজার ২৫৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার বেপজা কমপ্লেক্সে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেডের মনোনীত পরিচালক জি ঝেনিউ চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

জানা যায়, চীনা প্রতিষ্ঠানটি বার্ষিক ৭০ লাখ পিস বিভিন্ন ধরনের ওভেন ও নিট গার্মেন্টস যথা বটম, টপ, শার্ট, জিন্স, জ্যাকেট, টি-শার্ট, পোলো শার্ট, স্পোর্টসওয়্যার, সোয়েটার, হুডিসহ সব ধরনের জার্সি উৎপাদন করবে। কারখানাটি ২৪ হাজার বর্গমিটার জায়গার ওপর নির্মিত হবে এবং এর উৎপাদিত পণ্যগুলো যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে রফতানি করা হবে।

বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান সব ধরনের সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ প্রদানে বেপজার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, নতুন সরকার বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের গুরুত্ব দিতে বিশেষভাবে অঙ্গীকারবদ্ধ। 

তিনি আরও বলেন, আগের তুলনায় আরও দক্ষ, আধুনিক ও বিনিয়োগকারী-সহায়ক সেবা প্রদানে বেপজা দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি দেশের রফতানিমুখী শিল্পের পাশাপাশি দেশীয় শিল্প খাতকে শক্তিশালী করতে প্রতিষ্ঠানটিকে সম্ভাব্য ক্ষেত্রে মানসম্মত কাঁচামাল দেশীয় উৎস থেকে সংগ্রহের আহ্বান জানান।

জি ঝেনিউ বেপজার বিনিয়োগবান্ধব নীতির প্রতি পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশকে বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন। 

তিনি জানান, চলতি বছরের এপ্রিল মাস থেকে কারখানার নির্মাণকাজ শুরু হবে এবং আগামী বছর থেকে পণ্য রফতানি কার্যক্রম শুরু করার আশা করা হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   উত্তরা  ইপিজেড  পোশাক  প্রস্তুতকারী  কারখানা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: