রমজান মাস উপলক্ষে জর্ডানের নারীদের জন্য বিশেষ আধ্যাত্মিক উদ্যোগ নিয়েছেন সে দেশের রানি রানিয়া আল আব্দুল্লাহ। তার পৃষ্ঠপোষকতায় ৪০০-এর বেশি নারী ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন সৌদি আরবে। রোববার (২২ ফেব্রুয়ারি) জর্ডানের কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রথম দলটি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। এই বিশেষ কাফেলাটি চারটি দলে ভাগ করা হয়েছে, যাতে দেশের বিভিন্ন গভর্নরেট থেকে নির্বাচিত নারীরা অংশ নিচ্ছেন।
উপকারভোগীদের মধ্যে রয়েছেন বিভিন্ন দাতব্য ও সমবায় সমিতির সদস্য, সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধি, সশস্ত্র বাহিনীর নারী সদস্য এবং নারী-পুরুষ স্বেচ্ছাসেবীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদের অধিকাংশই আগে কখনো ওমরাহ পালনের সুযোগ পাননি।
প্রতিটি দল আলাদা ফ্লাইটে সৌদি আরবে পৌঁছাবে। সেখানে তারা তিন দিন ও দুই রাত অবস্থান করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী ধারাবাহিকভাবে দলগুলো যাত্রা করবে এবং শেষ দলটি আগামী ৩ মার্চ জর্ডানে ফিরে আসবে।
রমজানের পবিত্র আবহে এই আয়োজন শুধু ধর্মীয় সফর নয়, বরং সামাজিক সংহতি ও নারীর ক্ষমতায়নের একটি বার্তা হিসেবেও দেখা হচ্ছে। আয়োজকদের মতে, এটি আধ্যাত্মিক তৃপ্তির পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের নারীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
সময়ের আলো/এনএ