আসন্ন নারী এশিয়ান কাপের মিশন সামনে রেখে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল প্রস্তুতিতে কোনো ছাড় দিতে চাইছে না। তাই তো অস্ট্রেলিয়া পৌঁছে বিশ্রামের কোনো বালাই নেই দলের। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে রোববার দ্বিতীয় দিনের মতো নিবিড় অনুশীলনে ঘাম ঝরিয়েছেন আফঈদা-ঋতুপর্ণারা। কোচ পিটার জেমস বাটলার যাওয়ার আগে বলে গিয়েছিলেন দলের জন্য বড় শক্তি হতে পারেন সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী। এবারের অস্ট্রেলিয়া অভিযানে বিশেষ নজর কাড়ছেন তিনি। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা ২১ বছর বয়সী এই ফুটবলার সম্প্রতি ক্লাবটির সিনিয়র দলেও অভিষেক হয়। বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে নিজের অভিষেক রাঙাতে মুখিয়ে থাকা আনিকা দ্রুতই সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
অনুশীলন শেষে নিজের অভিজ্ঞতা জানিয়ে আনিকা বলেন, অস্ট্রেলিয়াতে আমাদের দ্বিতীয় দিনের অনুশীলন। প্রচুর গরম কিন্তু আমরা মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমি আবারও আফঈদার সঙ্গেই আছি এবং সিডনিতে আমরা খুব মজা করছি। দলের সবার মধ্যে বোঝাপড়াটাও আগের চেয়ে ভালো হচ্ছে। সত্যি বলতে, আগের মতোই লাগছে। আমার জন্য আবহাওয়া একটু কঠিন, এখনও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের চেয়ে এখানকার তাপমাত্রা অনেক বেশি।
আরও পড়ুন
রোববার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে কৌশলে ধারণা ও ফিটনেস ঝালিয়ে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার অনুশীলন সেশনে ৪ বনাম ৪ এবং ৬ বনাম ৬ পজিশন গেমের ওপর জোর দেওয়া হয়, যেখানে দ্রুত ট্রানজিশন এবং বল নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পায়। সেশনটি শেষ হলে ফুটবলাররা দুই ভাগে বিভক্ত একটি ৪০ মিনিটের একটি ম্যাচ খেলে, যা কোচিং স্টাফদের ম্যাচের মতো পরিস্থিতিতে দলের সমন্বয় এবং কৌশলগত বিন্যাস যাচাই করার সুযোগ করে দেয়। শরীর পুনরুদ্ধারে সহায়তার জন্য অনুশীলনের পর খেলোয়াড়রা ‘আইস বাথ’ গ্রহণ করেন।
দিনের শেষভাগে, খেলোয়াড়রা একই ভেন্যুতে ফিরে যান এবং দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচের তত্ত্বাবধানে দুই গ্রুপে বিভক্ত হয়ে একটি সুশৃঙ্খল জিম সেশনে অংশ নেন। এর মাধ্যমে খেলোয়াড়দের কাজের চাপের ভারসাম্য বজায় রাখা এবং শারীরিক প্রস্তুতি নিশ্চিত করা হয়।
আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় পর্দা উঠবে নারী এশিয়ান কাপের। টুর্নামেন্টের গ্রুপপর্বে বাংলাদেশের মিশন শুরু হবে ৩ মার্চ শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ গ্রুপপর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। প্রতিটি ম্যাচ সামনে রেখে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কেই নিজেদের চূড়ান্ত রণকৌশল সাজাচ্ছেন কোচ বাটলার ও তার শিষ্যরা।
এএডি/