লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার কৃতি সন্তান ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ (মেহেদী) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ লাভ করেছেন। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগাদেশ জারি করা হয়।
গত ২২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে (পরিচিতি নম্বর: ১০২৫৮৯৮) বদলিপূর্বক প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার পদে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর এই গুরুত্বপূর্ণ ও গৌরবজনক পদায়নের খবর ছড়িয়ে পড়লে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। তার এই সাফল্যে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এলাকাবাসীর পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলা হয়, আমাদের প্রিয় সন্তান ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ মেহেদীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব প্রদান করায় আমরা অত্যন্ত আনন্দিত। এই যোগ্য মূল্যায়নের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি।
স্থানীয়রা মনে করেন, ডা. আমান উল্লাহ তার মেধা, শ্রম ও নিষ্ঠা দিয়ে অতীতেও আর্তমানবতার সেবায় কাজ করেছেন। নতুন এই কর্মস্থলে তার দায়িত্ব পালন দেশের স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা রাখবে।
অভিনন্দনকারীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
উল্লেখ্য, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ (মেহেদী) দীর্ঘদিন ধরে চিকিৎসক পেশায় অত্যন্ত সুনামের সাথে নিয়োজিত আছেন।
তার এই নতুন পদায়ন কমলনগরবাসীর জন্য এক বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
সময়ের আলো/আরবিএন