ঈদুল ফিতরকে সামনে রেখে বড় পর্দায় এক ভিন্ন অবতারে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার অভিনেতা শাকিব খান। তার নতুন সিনেমা প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকার শুটিং এখন ভারতের কলকাতায় চলছে। আর সেখান থেকেই প্রকাশ্যে এসেছে তার ‘গ্যাংস্টার’ লুকে যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টার ‘কালা জাহাঙ্গীর’-এর আদলে তৈরি চরিত্রে অভিনয় করছেন শাকিব। অগোছালো চুল, ঘন দাড়ি-গোঁফ, খোলা বুকের জ্যাকেট- সব মিলিয়ে এক রুক্ষ, অন্ধকার জগতের চরিত্রে হাজির হয়েছেন তিনি। পরিচালনায় আছেন আবু হায়াত মাহমুদ, যিনি একজন সাধারণ মানুষের অপরাধ জগতে উত্থানের গল্প পর্দায় ফুটিয়ে তুলছেন।
গত ৯ ফেব্রুয়ারি হাওড়ার শালিমারের একটি পরিত্যক্ত কারখানায় রাতভর অ্যাকশন দৃশ্যের শুটিং হয়। এরপর ১১ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী বৌবাজার এলাকার মাধো ভবনে ধারণ করা হয় গুরুত্বপূর্ণ দৃশ্য। একটি বাইক-এন্ট্রি সিকোয়েন্সের সময় স্থানীয়দের ভিড় ও কৌতূহল চোখে পড়ার মতো ছিল বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
আরও পড়ুন
কলকাতার শুটিং শেষ হলে পুরো ইউনিট ভারতের হায়দরাবাদে যাবে পরবর্তী ধাপের কাজের জন্য। এ সিনেমায় শাকিবের বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়া অভিনয় করছেন শরীফ সিরাজ, মাহমুদ, লোকনাথ দে, পিয়ান সরকার ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্য।
চিত্রগ্রহণে যুক্ত হয়েছেন বলিউডের আলোচিত সিনেমা অ্যানিম্যাল-খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় ও শৈলেশ অবস্থী। এর আগে শ্রীলঙ্কায় প্রথম লটের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় লটের কাজ চলছে কলকাতায়। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে শিলিন সুলতানা প্রযোজিত সিনেমাটি আগামী ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এএডি/