মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু দেশের উন্নয়নে জনগণের আস্থা ও সমর্থনের গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, বিএনপি সর্বদা জনগণের প্রত্যাশা ও অনুভূতির সঙ্গে মিল রেখে দেশের অগ্রগতির পথে কাজ করে আসছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সাভারের বিসিএস লাইভস্টক একাডেমি প্রাঙ্গণে নবনিয়োগপ্রাপ্ত ৪৪তম বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডার কর্মকর্তাদের পাঁচ দিনের ‘অবহিতকরণ কোর্স’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী টুকু স্মরণ করান, বিএনপি সবসময় দেশের জনগণের অনুভূতি ও গণতান্ত্রিক চেতনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের সাম্প্রতিক গণআন্দোলনে দলের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’
আরও পড়ুন
প্রতিমন্ত্রী টুকু আরও মন্তব্য করেন, দেশের নদ-নদীর দূষণ, শিল্পকারখানের বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি ও পরিবেশগত ভারসাম্যের হ্রাসের বিষয়গুলো নিয়ে। তিনি বলেন, কৃষিভিত্তিক ও পরিবেশবান্ধব শিল্পায়ন গড়ে তুললে অর্থনীতি শক্তিশালী হবে এবং পরিবেশও সংরক্ষিত থাকবে।
তিনি যুক্তি দেন, ‘কৃষিভিত্তিক অর্থনীতি সমৃদ্ধ হলে দেশের উন্নয়ন নিশ্চিত হবে। এটি হবে দেশের টেকসই অগ্রগতির মূল চাবিকাঠি।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রশিক্ষণার্থীরাও উপস্থিত ছিলেন।
এএডি/