সরকার কৃষকদের জন্য বিশেষ ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে, যা টিসিবি ফ্যামিলি কার্ডের মতো সুবিধা প্রদান করবে। তবে এটি প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সীমিত পরিসরে বাস্তবায়ন করা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কার্ড বিতরণের বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে।
মন্ত্রী জানান, কার্ডটির মাধ্যমে একজন কৃষক পাবেন, উৎপাদন, সার, বীজ ও কীটনাশকসহ সকল কৃষি উপকরণে সহায়তা, আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং প্রযুক্তি ব্যবহার, বাজারের পরিস্থিতি, আবহাওয়া ও উৎপাদন সংক্রান্ত স্মার্ট তথ্য সরাসরি প্রাপ্তি, রাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ, মধ্যস্বত্বভোগী বা লিকেজ এড়াতে স্মার্ট কার্ড প্রযুক্তি ব্যবহার।
আরও পড়ুন
জহির উদ্দিন স্বপন বলেন, ‘কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সুবিধা পাবেন, আর সরকার সরাসরি তাদের সমস্যা জানতে পারবে। এক ধরনের ডিজিটাল পোর্টাল হিসেবে এটি কাজ করবে।’
মন্ত্রী জানান, শুরুতে নির্দিষ্ট অঞ্চলে পাইলট প্রকল্প চালু করা হবে। পরবর্তী ধাপে ধীরে ধীরে সারাদেশের কৃষককে কার্ডের আওতায় আনা হবে। সরকারের লক্ষ্য সব কৃষককে এই সুবিধা নিশ্চিত করা।
এএডি/