বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রাখা ও আপত্তিকর ছবি-ভিডিও তৈরির চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, নোবেলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে আটক করা হয়। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখা হয়। সেখানে জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।
আরও পড়ুন
২০২৫ সালের ১৩ আগস্ট ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেওয়া হলে আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পরে সংশ্লিষ্ট থানাকে আসামিদের আইনের আওতায় এনে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
এই ঘটনায় আবারও আলোচনায় এসেছেন নোবেল, যিনি এর আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনায় ছিলেন। মামলার পরবর্তী শুনানিতে তার বিরুদ্ধে আনা অভিযোগের আইনি প্রক্রিয়া এগোবে বলে জানা গেছে।
এএডি/