বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করা হবে : বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বিমান খাত ও পরিষেবা আধুনিকায়ন করা হবে। এ জন্য কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয়

2026-02-23T16:49:07+00:00
2026-02-23T16:49:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করা হবে : বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম 
সোমবার মানিকগঞ্জ জেলা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। সংগৃহীত ছবি
দেশের বিমান খাত ও পরিষেবা আধুনিকায়ন করা হবে। এ জন্য কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ দ্রুত শেষ করে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। এতে যাত্রীসেবা আরও সহজ ও গতিশীল হবে। পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীরা নিরাপদ অঞ্চলে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ কথা বলেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ জেলা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় আফরোজা খানম রিতা বলেন, ‘হজযাত্রীদের যাতায়াতে যেন কোনো ধরনের ভোগান্তি না থাকে, এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’ হজ ফ্লাইট পরিচালনা, ইমিগ্রেশন প্রক্রিয়া এবং সার্বিক ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। 


বিমানবন্দরের সার্বিক মান উন্নয়ন করে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করাও সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করেন বিমানমন্ত্রী। এ সময় যাত্রীসেবা, নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনার ওপর জোর দেন তিনি। এ ছাড়া, বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল, হজযাত্রী সেবা ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেন আফরোজা খানম। 

জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার কথাও জানান মন্ত্রী। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এ ছাড়া, বিমানের টিকিট সিন্ডিকেট রুখতেও কাজ করার কথা বলেন তিনি। 

পাশাপাশি নিজ জেলা মানিকগঞ্জের উন্নয়ন নিয়েও তিনি পরিকল্পনার কথা তুলে ধরেন। পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে চাঙা করতে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। 

এরপর দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন মন্ত্রী। 

মানিকগঞ্জে প্রতিটি উপজেলা ও ইউনিয়নে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, ‘প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগেই এই অপতৎপরতা বন্ধ করতে হবে।’ 

মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বিমানবন্দর  তৃতীয় টার্মিনাল  দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু  বিমানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: