সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনে মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং মেয়রের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ, প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণসহ মেয়রের সব কার্যক্রম তারা পরিচালনা করবেন। গতকাল রোববার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে। এরপর থেকে বিভাগীয় কমিশনার সাময়িকভাবে প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে সিলেট জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে বিবেচিত।
নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে সিলেট সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।
এফআর