পবিত্র মাহে রমজান মাসে স্থানীয় বাজারে ভোগ্যপণ্যর বাজার দর সহনীয় রাখতে দিনাজপুরের হাকিমপুর হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এসময় মূল্য তালিকা না টাঙানোর অপরাধে তিন দোকানিকে ১৬ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করেছেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের মূল্য তালিকা সঠিক ভাবে টাঙানো হয়েছে কিনা তা যাচাই করা হয়। এ সময় তিনটি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিন দোকানিকে ১৬ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় ভোগ্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। তাই বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। সকল ব্যবসায়ীকে পণ্যের সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, রমজানজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন।
এফআর