যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠিন জবাব দেওয়া হবে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে সীমিত মাত্রায় হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমিত হামলাসহ যেকোনও আঘাতই পরিষ্কারভাবে

2026-02-23T19:14:48+00:00
2026-02-23T19:14:48+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠিন জবাব দেওয়া হবে : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ৮৭)
সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে সীমিত মাত্রায় হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমিত হামলাসহ যেকোনও আঘাতই পরিষ্কারভাবে ‘আগ্রাসন’ হিসেবে গণ্য হবে। 

তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, যে কোনও রাষ্ট্র তার আত্মরক্ষার স্বাভাবিক অধিকারের অংশ হিসেবে আগ্রাসনের জবাবে ভয়ঙ্করভাবে প্রতিক্রিয়া জানায়; আমরাও তাই করব।
 
ওমানের মধ্যস্থতায় মঙ্গলবার সুইজারল্যান্ডে দুই দেশের মাঝে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। ইরান ও ওমান পরবর্তী দফার আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করলেও যুক্তরাষ্ট্র কিছু জানায়নি।

ইরান ইস্যুতে মধ্যস্থতা থেকে একপ্রকার দূরে থাকা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আলোচনার আগে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। 

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের আগে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেন, ওই অঞ্চলে আমাদের আরেকটি যুদ্ধ দরকার নেই। আমাদের ইতোমধ্যে অনেক আছে।

তিনি আরও বলেন, এটা সত্য ইরান বর্তমানে তাদের ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। এই সময়কে সত্যিই কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য ব্যবহার করা উচিত।

তবে ইরান জোর দিয়ে বলেছে, মধ্যস্থতামূলক আলোচনায় কেবল দেশের পারমাণবিক কর্মসূচি নিয়েই আলোচনা হবে। পশ্চিমা দেশগুলো মনে করে, ইরানের এই কর্মসূচির লক্ষ্য পারমাণবিক বোমা তৈরি; যদিও তেহরান তা বরাবরই অস্বীকার করেছে।


ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আর যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেছেন, ওয়াশিংটনের সামরিক শক্তি মোতায়েনের মুখে ইরান কেন ‘আত্মসমর্পণ’ করছে না—তা নিয়ে ভাবছেন ট্রাম্প। এর জবাবে সোমবার ইসমাইল বাঘায়ি বলেন, ইরানিরা তাদের ইতিহাসের কোন সময়ই আত্মসমর্পণ করেনি।

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এই ঘটনায় দেশটিতে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে পরে তার মনোযোগ ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে সরে যায়।

দমন-পীড়ন ও গ্রেফতারের হুমকি সত্ত্বেও দেশটির বিভিন্ন প্রান্তে এখনও সরকারবিরোধী বিক্ষোভ চলছে। রোববার ইরানের কয়েকটি বিশ্ববিদ্যালয় ও শহরে জেন-জিদের নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।

নতুন করে সংঘাত শুরুর আশঙ্কায় ইরানিদের মাঝেও উদ্বেগ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে নিজ নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে কয়েকটি দেশ। 

সময়ের আলো/এআর


  বিষয়:   যুক্তরাষ্ট্র  হামলা  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: