ভোলার দক্ষিণ আইচা থানাধীন চর আইচা এলাকায় মাদ্রাসা পরিচালক হাফেজ আবু সাঈদ আখনের ওপর হামলা, অর্থ ছিনতাই এবং চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী হাফেজ আবু সাঈদ আখন (২৮) জানান, রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় সন্তান ভর্তির কথা বলে ফোনে তাকে ঘটনাস্থলে ডেকে নেয় অভিযুক্ত রাকিব স্বর্ণকার, আবু তাহের ও শরিফ নামের তিনজন।
সেখানে পৌঁছানোর পর পূর্বপরিকল্পিতভাবে তাকে মারধর করা হয় এবং ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তাকে হত্যার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, সন্ত্রাসীরা জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি নেন, মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং পরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগী জানান, পরে তাকে একটি গাড়িতে তুলে গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে নামিয়ে দেওয়া হয়।
ঘটনার পর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির বলেন, অভিযোগকারীরা থানায় এসেছে এবং তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ পাওয়া মাত্রই অপরাধীদের ধরার জন্য অভিযান পরিচালনা করা হবে।
সময়ের আলো/আরবিএন