দীর্ঘদিন পর শেয়ারবাজারের সূচকে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘদিন দরপতন হওয়ার পর অবশেষে ঊর্ধ্বমুখী ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ারবাজার।সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাজারটিতে মূল্যসূচকের বড়

2026-02-23T20:37:36+00:00
2026-02-23T20:37:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দীর্ঘদিন পর শেয়ারবাজারের সূচকে বড় লাফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘদিন দরপতন হওয়ার পর অবশেষে ঊর্ধ্বমুখী ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ারবাজার। 

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাজারটিতে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, ওষুধ, মিউচুয়াল ফান্ডসহ সবকটি খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় এই উত্থান হয়েছে। এদিকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে দুই ডজনের বেশি প্রতিষ্ঠান। দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে প্রায় সাড়ে ৩০০ প্রতিষ্ঠান। ফলে প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এ ছাড়া অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। ফলে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। 

জানা যায়, গত সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ারবাজারে বড় উত্থান হয়। একদিনে ডিএসইর প্রধান সূচক বাড়ে ২০০ পয়েন্ট। তবে পরের চার কার্যদিবস টানা দরপতন হয়। আর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস মূল্যসূচক সামান্য বাড়লেও দাম কমার তালিকায় ছিল বেশি প্রতিষ্ঠান।

এ পরিস্থিতিতে সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় অধিকাংশ ব্যাংকের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। লেনদেনের শেষ পর্যন্ত ব্যাংক কোম্পানিগুলোর শেয়ার দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। যার ইতিবাচক প্রভাব পড়ে আর্থিক প্রতিষ্ঠান, বীমা, বস্ত্র, তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য খাতের ওপর। ফলে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচকের বড় উত্থান দিয়েই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২১টির। আর ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় থাকা ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম এক দিনে যতটা বাড়া সম্ভব ততটাই বেড়েছে।

এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮০টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১৫টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৭৪টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ৩টির দাম কমেছে এবং ৩টির দাম অপরিবর্তিত রয়েছে। 

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৩টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩টির এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ২৫টি দাম বেড়েছে। বিপরীতে ৪টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ পয়েন্টে উঠে এসেছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭১৮ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৬৮ কোটি ৮ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৫০ কোটি ৪৮ লাখ টাকা।

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৩ লাখ টাকার। ১৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট। 

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রবি, বিডি থাই ফুড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংক ও সায়হাম কটন।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৪৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৬ প্রতিষ্ঠানের মধ্যে ১০৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪১টির এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩ কোটি ৬৪ লাখ টাকা।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   শেয়ারবাজার  দরপতন  মূল্যসূচক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: