মাদারীপুরের শিবচর উপজেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি জানিয়েছেন, প্রশাসনের সহযোগিতা অনুপস্থিত থাকলেও নিজ উদ্যোগে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়নাকাটা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন হানজালা।
সভায় হানজালা বলেন, প্রয়োজন হলে রাতের বেলায়ও আমি নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে মাদকের বিরুদ্ধে অভিযান চালাব। তবুও শিবচরকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত করা হবে।
এসময় শিবচরকে উন্নত উপজেলায় রূপান্তর করতে প্রশাসন ও দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন সাংসদ সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।
সভায় উপজেলা প্রশাসনের কার্যক্রম, জনসেবা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান। এসময় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার শাইখা সুলতানা, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহউদ্দিন কাদের, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা তপন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত প্রমুখ।
এফআর